
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রেনের ৯টি আসনের তিনটি টিকেটসহ রিপন (৪২) নামে এক কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আর এন বি)সদস্যরা।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশন এলাকা থেকে রিপনকে আটক করা হয়। আটককৃত রিপন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার আব্দুস সালামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসা বাদে তিনি রেলের টিকিট কালো বাজারিদের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আর এন বি)সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিকেলে, কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশন এলাকায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী এক অভিযান চালায়। সে সময় রিপনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর(৭৫০) ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টিকিটের মূল্য ১ হাজার ২১৫ টাকা ।
ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি)অফিসার ইনচার্জ হাসান মাহমুদ(শোয়াইব) বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন রেল স্টেশনে টিকিট কালোবাজারি রোধ ও কালোবাজারিদের আইনের আওতায় আনার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। গচিহাটা স্টেশনে আটক রিপনকে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের এবং এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




