sliderস্থানিয়

নানিয়ারচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাঙামাটি প্রতিনিধি: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর এই শ্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার সকালে রাঙামাটির নানিয়ারচরে আলোচনা সভা ও র‍্যালির মধ্য দিয়ে দিনটি পালন করেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার।

সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাঁর হাত ধরে তৃণমূলের মানুষ রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
তাঁরা আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই আধুনিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আসন্ন জাতীয় নির্বাচনে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে দলের কর্মীদের প্রতি আহ্বান জানান।

সভায় উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল ইসলাম, মফিজ শেখ, রণ বিকাশ চাকমা, জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, যুগ্ম সম্পাদক ইউনুস আলীসহ নেতারা বক্তব্য দেন।
এ ছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, আইনজীবী ফোরাম, জাসাস ও ওলামা দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তখন থেকে দলটি বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান শক্তি। প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে আজও দিনটি পালিত হচ্ছে গৌরব ও স্মৃতির আবহে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button