
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ১৬ বছর পর সালথা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রবিবার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলা সদর এলাকা।
এদিকে পদ পেতে সভাপতি এবং সাধারন সম্পাদক প্রার্থীরা বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে লবিং চালাচ্ছেন। আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন প্রচার-প্রচারণা। তবে সম্মেলন সফল করতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা একসাথে মিলে কাজ করছেন বলে জানা গেছে।
সভাপতি প্রার্থীরা হলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহ সভাপতি মো. মনিরুজ্জামান হুমায়ুন খা, বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু, হাবিবুর রহমান হাবিব, মো. ফরিদুর রহমান প্রমুখ।
সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মো. শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুগ্ম সম্পাদক মো. শাহিনুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. জাহিদুল হাসান লাভলু, মো. রাশেদ মিয়া, ফরিদপুর জেলা যুবদলের নেতা এডভোকেট আজিজুর রহমান লিটন প্রমুখ।
সালথা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ বলেন, কেন্দ্রীয় নির্দেশে সালথায় কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সদস্য মো. আমিনুর রহমান মুসা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলার। সম্মেলন সঞ্চালনা করবেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু।
সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আছাদ মাতুব্বর বলেন, তারেক রহমানের নির্দেশে ১৬ বছর পর কাঙ্ক্ষিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফরিদপুর-২ আসনের বিএনপি নেত্রী শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করার লক্ষে এই সম্মেলন সফল করতে হবে। সম্মেলন ঘিরে সকল নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।




