মানিকগঞ্জে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দু’জন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
সোমবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের আউটপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে সদর উপজেলার বালিরটেক থেকে সিএনজিচালিত অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে মানিকগঞ্জ আসছিল। পথে সদর উপজেলার বেতিলা আউটপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটির যাত্রী জসিম উদ্দিন (৫০) ও তার স্বজন শিশু তাসিন মারা যান। জসিম মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা হলেও মানিকগঞ্জ থাকতেন।
তবে দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালকের নাম পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ওসি জানান, এ দুর্ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। তারা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।



