মানিকগঞ্জে প্রথম আলোর জন্মদিনে আইসিটি আইন বাতিলসহ অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “সত্যে তথ্যে প্রথম আলো” এই স্লোগান কে সামনে রেখে দেশের বহুল প্রচারিত প্রথম সারির জাতীয় দৈনিক প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় আজ মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বিজয় মেলা) মাঠে বিকেলে প্রথম আলো বন্ধুসভা মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রথম আলো বন্ধুসভা জেলা শাখার সভাপতি আবু সালেহ সালেক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.আব্দুস সালাম ও সহসভাপতি মো.নজরুল ইসলামের এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর জেলা প্রতিনিধি মো.আব্দুল মোমিন। আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও বন্ধুসভার উপদেষ্টা প্রফেসর উর্মিলা রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার ফোরাম এর সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, বিশিষ্ট সমাজকর্মী ইকবাল হোসেন কচি, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, সুজনের জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন প্রমুখ।
আলোচনা শেষে প্রথম আলো বন্ধুসভা জেলা শাখার উপদেষ্টা বিমল চন্দ্র রায় ও প্রভাষক মো.আমিনুর রহমান অঞ্জণ এর নেতৃত্বে কেক কাটা হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মো.চান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আশিকুর রহমানসহ সকল সদস্যদের নেতৃত্বে সাংস্কৃতিক সন্ধা পরিবেশিত হয়।
আলোচনায় বক্তারা বলেন দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে প্রথম আলো দেশের সকল প্রকার অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। বক্তারা আরো বলেন কলম যোদ্ধাদের সৃজনশীলতা বিকাশে অবশ্যই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। দেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অন্ধকার সমাজকে আলোকিত করতে বন্ধুসভার সৈনিকেরা সর্বদা সোচ্চার ভূমিকা পালন করবে।




