Uncategorized

বিয়ের পর ৩০ লাখ যৌতুক দাবি, কারাগারে শিশু বিষয়ক কর্মকর্তা

রংপুর ব্যুরোঃ রংপুরে স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় ইমরান মিঞা (৩৩) নামের এক শিশু বিষয়ক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি নীলফামারী জেলার শিশু বিষয়ক কর্মকর্তা। রোববার রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো যাবিদ হোসেন আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ইমরান মিঞা রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামের আবু তালেব মিঞার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, রংপুর নগরীর কেরানীপাড়া মহল্লার মোশারফ হোসেন খানের মেয়ে মাহমুদা মারজিয়া মুক্তার (৩০) সঙ্গে ইমরান মিঞার এ বছরের ২১ মে বিয়ে হয়। এ বিয়েতে ইমরান মিঞার সম্মতি ছিল না। এরপর রংপুর নগরীর ধাপ লালকুঠি এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তারা।
সম্প্রতি তাদের বিয়ে পারিবারিক ভাবে মেনে নেয়ার কথা জানিয়ে ইমরান মিঞা তার স্ত্রী মুক্তার কাছ থেকে ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এতে মুক্তা আপত্তি তুললে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন ইমরান। এ ঘটনায় গত ৯ অক্টোবর স্বামী ইমরান মিঞাকে আসামি করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন স্ত্রী মাহমুদা মারজিয়া মুক্তা।
রোববার ওই মামলায় জামিন শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় আদালতে মামলার বাদী মাহমুদা মারজিয়া মুক্তা উপস্থিত ছিলেন।
রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার রফিক হাসনাইন জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button