রসিক নির্বাচন : মেয়র পদে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রংপুর সিটি কর্পোরেশনে নির্বাচনে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র পদে ১৩, মহিলা কাউন্সিলর পদে ৬৭ এবং কাউন্সিলর পদে ২২৬ জন। মেয়র পদে জাতীয় পার্টিতে এরশাদের ভাতিজা ও বিএনপিতে জেলা যুবদল সভাপতি বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও নৌকায় একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সহায়ক কর্মকর্তা আবু সাঈম জানান, বুধবার মনোনয়নপত্র গ্রহন ও দাখিলের শেষ দিনে মেয়র পদে জাতীয় পার্টি মনোনিত মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামীলীগ মনোনিত সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত কাওছার জামান বাবলা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত এটিএম গোলাম মোস্তফা বাবু, বাসদ মনোনিত আব্দুল কুদ্দুস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে একেএম আব্দুর রউফ মানিক, আব্দুল মজিদ বীর প্রতীক, হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, নাজমুল ইসলাম নাজু, সুইটি আনজুম, শাকিল রায়হান এবং মেহেদী হাসান বনি মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও রাশেক রহমান ফরম তুললেও তিনি জমা দেন নি। অন্যদিকে ১১টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৭ জন মনোনয়ন তুলে জমাও দিয়েছেন ৬৭ জন। এছাড়া ৩৩টি সাধারণ কাউন্সিলর পদের জন্য ২৩১ জন মনোনয়ন ফরম তুললেও জমা দিয়েছেন ২২৬ জন।
ঘোষিত তফশিল অনুযায়ী মনোয়নপত্র যাছাই বাছাই ২৫ থেকে ২৬ নভেম্বর, মনোয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২৭ থেকে ২৯ নভেম্বর, আপিল নিষ্পত্তি ৩০ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ৩রা ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ৪ঠা ডিসেম্বর বলেও জানান ইসির এই কর্মকর্তা।



