হোয়াইটওয়াশে শেষ নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর

আরেকটি বড় হার দিয়ে শেষ হল নিউজিল্যান্ডের বিষাদের সফর। তৃতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলটি চারদিনে ২৭৯ রানে হেরেছে! প্রায় একইভাবে প্রথম দুই টেস্ট জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া।
৪১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কিউইরা সোমবার চতুর্থ দিন চা বিরতি পর্যন্ত ৪ চার উইকেট হারিয়ে বসে। রান ওঠে মাত্র ২১!
শেষ পর্যন্ত ১৩৬ রানে তাদের গুঁড়িয়ে দিতে স্পিনার নাথান লায়ন একাই নেন পাঁচ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১০টি!
সোমবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২ উইকেটে ২১৭ রান তুলে ইনিংস ঘোষণার আগে ডেভিড ওয়ার্নার গ্রীষ্মের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন। মার্নাস লাবুশানে করেন ৫৯।
বল করতে নেমে স্টার্ক আঘাত হানার পরপর দাপট দেখাতে শুরু করেন লায়ন। অসমান উইকেটে বাউন্স আর স্পিনের ফাঁদে দিশেহারা করে ফেলেন অতিথি ব্যাটসম্যানদের।
প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো লাবুশানে হয়েছেন ম্যাচসেরা। সিরিজেরও সেরা খেলোয়াড় তিনি।




