সেপ্টেম্বরে মিনি আইপিএল

বিভিন্ন দেশের ক্রিকেট ক্লাবকে নিয়ে প্রতিবছর সেপ্টেম্বরে বসতো চ্যাম্পিয়নস লিগের আসর। কিন্তু অর্থনৈতিকভাবে সাফল্য না পাওয়ায় দুই বছর ধরে এই টুর্নামেন্ট বন্ধ রয়েছে। আর এই সুযোগ কাজে লাগাতে মাঠে নেমেছে বিসিসিআই।
বৃহস্পতিবার ধর্মশালায় আইপিএলের পরিচালনা বোর্ডের সভায় মিনি আইপিএল আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এই সভায় উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ও আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। সময়সূচি, ফরম্যাট ইত্যাদি চূড়ান্ত না হলেও সেপ্টেম্বরে হবে এই আসর। অর্থাৎ এখন থেকে প্রতি বছরে দু’বার আইপিএলের আসর বসবে।
সভা শেষে ভারতীয় বোর্ডের কর্ণধার অনুরাগ ঠাকুর বলেন, ‘সেপ্টেম্বর মাসে আট দলের অংশগ্রহণে মিনি আইপিএল বা আইপিএল ওভারসিজ আয়োজন করা হবে। এটা ছোট সংস্করণে হবে।
টুর্নামেন্ট শেষ হবে দুই সপ্তাহের মধ্যেই।’ প্রসঙ্গত, মে মাসে বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নেয়ার পরই বিদেশে ভারতীয় সমর্থকদের কথা ভেবে মিনি আইপিএল আয়োজন করার কথা বলেছিলেন অনুরাগ ঠাকুর। বিশ্বের যে দেশে ভারতীয় সমর্থক বেশি, সেখানেই হবে আসরটির ভেন্যু।




