sliderস্থানিয়

শিবগঞ্জে আড়াই হাজার কলাগাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে রাতের আঁধারে একটি কলাবাগানের প্রায় ২ হাজার ৫০০ অপরিপক্ব কলার থোড় কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানের মালিক কৃষক শহিদুল ইসলাম।

শনিবার দিবাগত রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রোববার সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বাগানের মালিককে খবর দেন। ভুক্তভোগী কৃষক শহিদুল ইসলাম শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের আবুল কালামের ছেলে।
তিনি জানান, প্রায় দুই বছর আগে লক্ষ্মীপুর হঠাৎপাড়া এলাকায় ওমরপুর গ্রামের আব্দুল হাকিমসহ কয়েকজনের কাছ থেকে পাঁচ লাখ ৫০ হাজার টাকায় জমি লিজ নিয়ে কলাবাগানটি গড়ে তোলেন। বাগান তৈরিতে তিনি ঋণ করে অর্থ সংগ্রহ করেন। শহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগে বাগানটি গড়ে তুলেছেন। কলাগুলোও ধীরে ধীরে পরিপক্ব হচ্ছিল। কিন্তু শনিবার রাতে দুর্বৃত্তরা বাগানে ঢুকে প্রায় ২ হাজার ৫০০ কলার থোড় কেটে ফেলে। এতে তাঁর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঋণের টাকা পরিশোধসহ পরিবার নিয়ে তিনি এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button