মেসিকে হারিয়ে সেরা রোনাল্ডো

বিশ্বের সব অ্যাথলেটদের পেছনে ফেলে গত এক বছরে বেতন-ভাতা থেকে বিশ্বে সবচেয়ে বেশি অর্থ পেয়েছেন দুই তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। ক্যারিয়ারের অন্য অনেক প্রতিযোগিতার মতো এই তালিকাতেও স্প্যানিশ ফুটবলে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মেসিকে পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনাল্ডো।
গত ১২ মাসে রোনাল্ডো বেতন ও এন্ডোর্সমেন্ট থেকে পেয়েছেন আট কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে পাঁচ কোটি ৬০ লাখ ডলার তার বেতন।
যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকীর তালিকার এই প্রথম শীর্ষে উঠলো কোনো ফুটবলার।
২০০০ সালের পর এই প্রথম তালিকার শীর্ষে অবসর নেয়া বক্সার ফ্লয়েড মেওয়েদার কিংবা গত আট বছর ধরে কোনো মেজর জিততে না পারা গলফার টাইগার উডস ছাড়া অন্য কেউ জায়গা পেলেন।
রোনার্ডোর পেছনে তালিকার দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার ফরোয়ার্ড মেসি। গত ১২ মাসে আর্জেন্টিনা অধিনায়ক পেয়েছেন আট কোটি ১৪ লাখ মার্কিন ডলার।
বেতন ও এন্ডোর্সমেন্ট থেকে সাত কোটি ৭২ লাখ মার্কিন ডলার পেয়ে তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস।
গত বছরের ১ জুন থেকে এ বছরের একই তারিখ পর্যন্ত অ্যাথলেটদের পাওয়া বেতন, প্রাইজমানি ও বোনাস হিসেব করে এই তালিকা করেছে ফোর্বস।
তালিকার প্রথম ১০ জন
নাম ক্রীড়া আয় (মার্কিন ডলার)
ক্রিস্তিয়ানো রোনাল্ডো ফুটবল ৮ কোটি ৮০ লাখ
লিওনেল মেসি ফুটবল ৮ কোটি ১৪ লাখ
লেব্রন জেমস বাস্কেটবল ৭ কোটি ৭২ লাখ
রজার ফেদেরার টেনিস ৬ কোটি ৭৮ লাখ
কেভিন ডুর্যান্ট বাস্কেটবল ৫ কোটি ৬২ লাখ
নোভাক জোকোভিচ টেনিস ৫ কোটি ৫৮ লাখ
ক্যাম নিউটন আমেরিকান ফুটবল ৫ কোটি ৩১ লাখ
ফিল মিকেলসন গলফ ৫ কোটি ২৯ লাখ
জর্ডান স্পিথ গলফ ৫ কোটি ২৮ লাখ
কোবি ব্রায়ান্ট বাস্কেটবল ৫ কোটি




