
বাঘাইছড়ি প্রতিনিধি: দৈনিক নতুন সময়ের বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি সাংবাদিক রুপম চাকমাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, সাংবাদিক রুপম চাকমা তার পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় একটি সন্ত্রাসী চক্র তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় তাকে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই নাম্বার থেকে ফোন করে
01632-559962 হুমকি দেয়া হয়েছে।
এ ঘটনায় সাংবাদিক রুপম চাকমা ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে হুমকিদাতাদের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তবে হুমকির ঘটনায় কারা জড়িত এবং তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।




