পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তালেবুর রহমানের সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পিরোজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সন্ত্রাস, অপরাধ দমন, যানজট নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম শামীম, প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি জিয়াউল হক, সাংবাদিক ইউনিয়নরের সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি নাঈম হোসেন তালুকদার, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, নাসিম আলী, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তামিম সরদারসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। অপরাধ দমনে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকরা পিরোজপুরের বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন এবং দায়িত্ব পালনে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।