
পতাকা ডেস্ক : ভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক, বিএফইউজে’র সাবেক কাউন্সিলর আবদুর রহমান খান ভাই আর নেই। রাত আড়াইটার দিকে তিনি না ফেরার দেশে চলে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন । লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি ইবনেসিনা হাসপাতালে (কল্যাণপুর শাখায়) চিকিৎসাধীন ছিলেন। তার আগে স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
মাত্র ক’দিন আগেও জাতীয় প্রেসক্লাবে তাঁর সরব উপস্থিতি ছিল।
আবদুর রহমান খান বাংলাদেশ টাইমস, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, সাপ্তাহিক হলিউডেসহ দেশের বিভিন্ন সংবাদপত্রে কৃতিত্বের সঙ্গে সাংবাদিকতা করেছেন। সর্বশেষ তিনি রেডিও তেহরানের ঢাকা ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
আবদুর রহমান খানের জন্ম ১৯৫২ সালের ৩০ নভেম্বর বরিশালের বানারীপাড়ার চৌয়ারীপাড়ায়। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রিধারী খান ভাই ১৯৮৩ সালে বাংলাদেশ টাইমস দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর প্রধান প্রতিবেদক ছিলেন।
বিগত বিএনপি সরকারের সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কবি আবদুর রহমান খান জাতীয় প্রেসক্লাবে কবিদের সংগঠন ‘কবিতাপত্র’র সভাপতি ছিলেন।
১৯৮০ সালে বিপ্লবী ছাত্র মৈত্রী গঠিত হলে তিনি কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন।
তিনি ৩ সন্তানের জনক। স্ত্রী লুৎফর নাহার কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন।
প্রতিবাদী, স্পষ্টবাদী ও নীতি নিষ্ঠ হিসেবে পরিচিত আবদুর রহমান খানকে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করুন।




