সিরাজুল ইসলাম,সিংগাইর: মানিকগঞ্জের সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্র আকস্মিক পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তিনি দু’টি কেন্দ্র ঘুরে দেখেন । তার এ আকস্মিক উপস্থিতিতে কেন্দ্র সংশ্লিষ্টদের মাঝে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি চলমান এসএসসি পরীক্ষার সার্বিক খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে তিনি পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই পরীক্ষার্থী একে অপরের খাতা দেখাদেখি করায় তাদের খাতা আটকে রাখেন শিক্ষামন্ত্রী। কিছুক্ষন পরে আবার খাতা দু’টি দিয়েও দেন। পরিদর্শন কালে তিনি কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সিংগাইর উপজেলার ৫ টি কেন্দ্রে ২ হাজার ৫ শত ৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।




