মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলার হরিণমারী ঈদগাহ মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) সূত্রে জানা যায়, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মলানী লজিস্টিক ক্যাম্পের একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে টহলদলটি রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান শুরু করে।
অভিযানে সীমান্ত পিলার ৩৮৫/৫-এস থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিণমারী ঈদগাহ মাঠ এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। তবে অভিযানের সময় মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মলানী লজিস্টিক ক্যাম্পের টহলদল এ অভিযান পরিচালনা করে।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে। একই সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধ, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।