এ আর লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে রেখে যায়। গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়রা মরদেহটি দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদর্শ বি.এল হাই স্কুলের প্রায় ৫০ মিটার পূর্বদিকে একটি ড্রেনে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকটির মরদেহ পড়ে ছিল। কয়েকদিন আগে শিশুটিকে ওই স্থানে ফেলে রেখেগিছেন বলে মনে করেন স্থানীয়রা। তবে তখন বিষয়টি কারও নজরে আসেনি।
প্রত্যক্ষদর্শী মমেনা বেগম বলেন, আমার বাড়ির সামনেই শিশুটির মরদেহ পড়ে ছিল। বিকেলে আমিসহ কয়েকজন মরাদেহটি দেখতে পাই। পরে আমরা আশপাশের লোকজনকে জানাই।
এ বিষয়ে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।