sliderস্থানিয়

কাজিপুরে ‘হায়েনা সদৃশ’ প্রাণীর আক্রমণে আহত অনেক, গ্রামজুড়ে আতঙ্ক

মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: কাজিপুর উপজেলার আলমপুর গ্রামে হায়েনাসদৃশ অদ্ভুত আকৃতির একটি বন্য প্রাণীর আক্রমণে জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাণীটির কামড়ে ইতোমধ্যে ওই গ্রামের অসংখ্য মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় শিশু থেকে শুরু করে বয়স্ক—সবার মাঝেই চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে আলমপুর মধ্যপাড়া এলাকায় রহস্যময় এই প্রাণীটির বিচরণ দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর দাবি, প্রাণীটি দেখতে সাধারণ শিয়ালের মতো নয়; এর শারীরিক গঠন ও চেহারা অনেকটা হায়েনার মতো। অনেকেই এটিকে হায়েনা বলে ধারণা করছেন। তবে প্রাণীটি প্রকৃতপক্ষে শিয়াল, হায়েনা নাকি অন্য কোনো প্রজাতির বন্য প্রাণী, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আলমপুর মধ্যপাড়ার বাসিন্দারা জানান, প্রাণীটি হঠাৎ করেই মানুষের ওপর আক্রমণ চালাচ্ছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজনকে কামড়ে আহত করেছে। প্রাণীটির ভয়ে গ্রামের মানুষ সন্ধ্যার পর ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে এলাকাবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। কোনো সন্দেহজনক বা অচেনা বন্য প্রাণী চোখে পড়লে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্বে থাকার এবং প্রাণীটিকে ধরার চেষ্টা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সচেতন মহলের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ ওই প্রাণীটির কামড় বা আঁচড়ের শিকার হলে অবহেলা না করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে ক্ষতস্থানটি ক্ষারযুক্ত সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা (ভ্যাকসিন) ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button