
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রাম্য দু-দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষে বসতঘর ভাংচুর ও নারীসহ ৭ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (২৯ জুন) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রাম্য দলপক্ষের প্রভাব বিস্তার নিয়ে শনিবার (২৮ জুন) রাতে মেহেরদিয়া গ্রামের জিলু মোল্যাকে মারধর করে সালাউদ্দিন কাজীর সমর্থকরা।
খবর পেয়ে বিনোকদিয়া বাজারে নুরইসলাম মুন্সীর ছেলে মামুন ও রিপন সালাউদ্দিন কাজীর ভাই জালাল কাজী ও তার ছেলে শাহীন কাজীকে মারধর করে।
এরই সুত্রধরে রবিবার সকালে নুরইসলাম মুন্সীর সমর্থকদের সাথে সালাউদ্দিন কাজীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ৬টি বসতঘর ভাংচুর করে সংঘর্ষকারীরা।
খবর পেয়ে পুলিশ ঘটস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই দিনের এই মারামারীতে জিলু মোল্যা, জালাল কাজী, পান্নু মোল্যা, মিনারা বেগম সহ ৭জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মেহেরদিয়া গ্রামের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবেশ শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




