সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ৩৩- ‘নিজেকে জানুন’
প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এই নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৩৩ নম্বর বিষয়টি সম্পর্কে। বইটি অনুবাদ করেছেন বুশরা আমিন তুবা।
অনুশীলন ৩৩- ‘নিজেকে জানুন’
যখন আপনি গাড়ি চালান তখন রাস্তার দিকে দৃঢ় মনোযোগ রাখা জরুরী। কিন্তু গাড়ির পাশের জানালা দিয়ে দেখা যায় না পুরো রাস্তাটা, কিছু ব্লাইন্ড স্পট থেকেই যায়। সেগুলোর ব্যাপারেও আপনার সতর্ক থাকা উচিৎ। একইভাবে আপনার ব্যক্তিত্বের দিকেও মনোনিবেশ করা উচিৎ। আপনি যতোক্ষণ না পর্যন্ত নিজেকে পুরোপুরি জানবেন, ততক্ষণ কোনভাবেই একটি সফল জীবন অতিবাহিত করা সম্ভব নয়। আমি যখন মানুষকে প্রশিক্ষণ দিই, একটা কথা প্রায়ই বলি ‘অন্যেরা যে কথা আপনার ব্যাপারে ইতোমধ্যে জানে সেটা আপনার আগেই জেনে রাখা উচিৎ। অন্য মানুষের চাইতে পিছে পড়ে থাকার দরকার কী?’
অন্য মানুষের কাছে মতামত নিন আপনার ব্যক্তিত্বের ব্যাপারে। আপনি চাইলে ‘পার্সোনালিটি টেস্ট’ করতে পারেন। কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে নিমিষেই আপনি জেনে নিতে পারবেন আপনি ব্যক্তিত্ব কেমন।
একবার যদি আপনি নিজের ব্যক্তিত্বের ব্যাপারে সচেতন হতে পারেন তবে নিজের শক্তিশালী দিক ও দুর্বলতা সম্পর্কেও স্বচ্ছ ধারণা রাখতে পারবেন। আমাদের প্রত্যেকেরই বাচনভঙ্গি, আচার-আচরণ এবং দৃষ্টিভঙ্গি একেকরকম এবং সবকিছুরই একটি ইতিবাচক দিক রয়েছে। সেগুলো উপযুক্ত ভাবে কাজে লাগান এবং খেয়াল করবেন কোনভাবেই সেগুলো যেন আপনার দুর্বলতা না হয়ে দাঁড়ায়। আত্মবিশ্বাস প্রত্যেক মানুষেরই একটি ভালো দিক কিন্তু সেটি যেন কোনভাবেই অহংকার না হয়ে যায়।
আমাদের চরিত্রের যে দুর্বল দিকগুলো রয়েছে সেগুলো একেবারে মুছে ফেলা বেশ শক্ত। আমরা সকলেই অধৈর্য ও আবেগপ্রবণ হয়ে পড়ি মাঝে মাঝে কিন্তু এ দিকগুলো বদলানো খুব প্রয়োজন হয়ে দাঁড়ায়। কোন পরিস্থিতিতেই হাল ছেড়ে দেওয়া যাবে না। নিজেকে শেখাতে হবে কখন দৃঢ় থাকতে হবে এবং কখন নমনীয়।
নিজ ব্যক্তিত্ব পরীক্ষা করুন
শেষবার কবে নিজের ব্যক্তিত্ব পরীক্ষা করেছেন আপনি? নিজ আচরণ, চিন্তাভাবনা, বিবেক ও মূল্যবোধ এগুলো নিয়ে ভাবতে কয়েক মুহূর্ত ব্যয় করুন। আপনার আশেপাশের মানুষেরা সর্বদাই আপনাকে দেখছেন ও নিরীক্ষা করছেন আপনাকে নিয়ে। এখন আপনার নিজেকে নিজেই দেখার ও পর্যবেক্ষণ করার সময় এসেছে।
আপনার পরিবারের সদস্য, বন্ধু এবং সহকর্মীগণ কিভাবে আপনাকে বিচার করবেন? আপনি কী
*অন্তর্মুখী না বহির্মুখী?
*মেপে মেপে কথা বলেন নাকি লাগামছাড়া?
*আবেগপ্রবণ নাকি কাঠখোট্টা?
*ভালো শ্রোতা নাকি বক্তা?
*ইতিবাচক নাকি নেতিবাচক?
বিভিন্ন ধরনের মানুষ আপনার ব্যক্তিত্ব নিয়ে হয়তো বিভিন্ন ধরনের কথা বলবেন। তাদের বুঝতে চেষ্টা করুন।
যখন আপনি নিজের ব্যক্তিত্ব বিচার করবেন তখন দেখবেন নিজের ব্যাপারে অজানা অনেক কিছু জানতে ও বুঝতে পারছেন আপনি। আপনার কিছু কাজের ক্ষেত্রে তা অনেক পরিষ্কার বোঝা যাবে। উদাহরণস্বরুপ বলা যায়-
*বসের প্রেশারে আছেন আপনি,
*ট্রাফিক জ্যামে বসে গাড়ি চালাচ্ছেন,
*কঠিন কোন মিটিং এর তত্ত্বাবধানে আছেন,
*কাউকে কোন খারাপ সংবাদ দিচ্ছেন,
*বড় কোন গ্রুপে দাঁড়িয়ে কথা বলছেন।
অন্য মানুষ আপনাকে বেশ ভালো করেই বর্ণনা করতে পারবে এটা ঠিক। কাছের মানুষগুলো তো একদম পুঙ্খানুপুঙ্খ মিলিয়ে বলতে পারবে। তবে সবচেয়ে দামি প্রশ্ন হলো, আপনি নিজেকে কতটুকু জানেন?
সুত্র: প্রিয়.কম




