শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযানে তিন কোটি ছয় লাখ ৯৪ হাজার টাকা সিজার মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এর মধ্যে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ৭০৮ পিস ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি এবং ভোলাহাট থেকে ১৩৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় অভিযান চালায় ৫৯ বিজিবি। এ সময় পাথরবোঝাই একটি ভারতীয় মালিকবিহীন ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি উদ্ধার করা হয় যার মূল্য দুই কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।
অন্যদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ভোলাহাট উপজেলার আলীমোড় এলাকায় খড়কপুর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধার করে । এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে ইজিবাইকের চালক পালিয়ে যায়। এ অভিযানে জব্দ করা পণ্যের মূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা।
দুটি অভিযানে সব মিলিয়ে জব্দ করা চোরাচালানী পণ্যের মূল্য প্রায় তিন কোটি সাত লাখ টাকা।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন,
জব্দকৃত চোরাচালানী পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।