রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের সঙ্গে জরুরি বৈঠকে আশিয়ান

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আশিয়ান রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের সঙ্গে জরুরি বৈঠকে বসার জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আগামী ১৯ ডিসেম্বর এই বৈঠক হতে পারে। এএফপি।
মিয়ানমারের রাখাইন প্রদেশে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর নির্যাতনের কারণে যে সঙ্কট সৃষ্টি হয়ে তা নিরসন করতেই এই বৈঠক অনুষ্ঠিত হবে।
মিয়ানমারের কূটনীতিকরাও এই বৈঠকের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে আশিয়ান।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি দেশ নিয়ে আশিয়ান গঠিত। দেশগুলো হলো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস ও ব্রুনেই।
এদিকে রাখাইন প্রদেশে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর বর্বরতার খবর বরাবরই অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার। ধর্ষণ ও হত্যাসহ আরও অনেক নির্মমতার খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আসলেও বর্মী সরকার কখনোই তা স্বীকার করেনি।
রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় সারা বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ঘটনায় হস্তক্ষেপ না করায় দেশটির শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচির পুরস্কার প্রত্যাহারের দাবিও উঠেছিলো। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক প্রকাশ্যে এক বিক্ষোভে অংশ নিয়ে এই গণহত্যার সমালোচনা করেছেন। এছাড়া তিনি দেশটিতে বার্মিজ নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন।



