মানিকগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ:”নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন,সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ও জাতীয়ভাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও জেলা নারী উন্নয়ন কমিটির যৌথ আয়োজন আজ মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত নারী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সংগঠনের সহ সভাপতি সেলিনা আক্তারের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল। স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হূসনা, জেলা মানবাধিকার ফোরামের সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা অফিসার রুশিয়া আক্তার, প্রথম আলো জেলা প্রতিনিধি মো.আব্দুল মোমিন, বারসিক প্রকল্প কর্মকর্তা আছিয়া আক্তার প্রমুখ।
প্রধান অতিথি বলেন সমাজ কর্তৃক আরোপিত নারী পুরুষে বিদ্যমান বৈষম্য হাজার বছর আগের। নারীকে অন্তরীন রেখে সমাজ সভ্যতার উন্নয়ন সম্ভব নয়, এটি বেগম রোকেয়া ভালো করেই রপ্ত করেছিলেন। তাই বেগম রোকেয়া আদর্শের পথ ধরে প্রগতির জন্য, সম্মান ও মর্যাদা নিয়ে টিকে থাকার জন্য সংগ্রাম ও নারী আন্দোলন জোরদার করতে হবে।
বক্তারা আরও বলেন নারীর ক্ষমতায়নের জন্য নারী পুরুষ একসাথে কাজ করতে হবে এবং বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। তবেই নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায়নের পথ সুগম হবে।




