মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলায় পরীক্ষা দিতে পারলো না ইমরান

মোঃ শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি : বোর্ডের নিয়ম অনুযায়ী পরীক্ষার ফি সহ ফরম পূরনের টাকা পরিশোধ করেও
মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলায় পরীক্ষা দিতে পারছে না ঝালকাঠির নলছিটির কামদেবপুর দারুসসুন্নাত সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্র ইমরান খলিফা।
রবিবার(৬ নভেম্বর) সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। হতভাগ্য ইমরান ছাড়া ঝালকাঠির নলছিটিতেও উৎসবের আমেজে পরীক্ষা দিচ্ছেন সকল পরীক্ষার্থী। পরীক্ষার ফি সহ ফরম পূরনের টাকা পরিশোধ করলেও মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলায় ফরম পূরণ না হওয়ায় ইমরান খলিফার জীবন থেকে একটি বছর কেড়ে নেয়া হলো।
জানা গেছে, উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর দারুসসুন্নাত সিনিয়র ফাজিল মাদ্রাসায় অধ্যয়নরত ইমরান খলিফা বোর্ডের নিয়ম অনুযায়ী পরীক্ষার ফি সহ ফরম পূরনের যাবতীয় টাকা কর্তৃপক্ষের নিকট পরিশেধ করলেও মাদ্রাসা
কর্তৃপক্ষ তার ফরম পূরন করেনি। এ ব্যাপারে ঐ ছাত্রের বড় ভাই শাকিল খলিফা নলছিটি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি জানতে চাইলে মাদ্রাসা সুপার আবদুল মান্নান জানান, আমাদের অফিসের ভুলের কারণে তার নামে এডমিট কার্ড আসেনি এটা আমাদের ভুল হয়েছে। তবে এই ধরনের দায়সারা কথা মানতে নারাজ ঐ শিক্ষার্থীর পরিবার তারা বলেন, এভাবে বললেই তো বিষয়টি সমাধান হয়ে যায় না। তারা কেন আগেভাগে জানালো না যে তার ফরম পূরন হয়নি তাহলে বোর্ডে যোগাযোগ করে তার একটা সমাধান বের করা যেত।
তারা পরীক্ষা শুরুর একদিন আগে বিষয়টি আমাদের জানিয়েছেন, যার কারণে এখন আর ইমরানের পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। মাদ্রাসা কর্র্তৃপক্ষ এখানে চরম দায়িত্ব অবহেলার পরিচয় দিয়েছে আমরা এর যথাযথ বিচার দাবি করছি।
এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার জানান, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



