আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মাদক সম্রাটের ছেলে গ্রেফতারে রণক্ষেত্র মেক্সিকোর কুলিয়াকান 

মেক্সিকোতে কারাবন্দি মাদক সম্রাট হোয়াকিম গুজমানের ছেলে ওভিদিও গুজমান লোপেজকে গ্রেফতারের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় নগরী কুলিয়াকান। প্রচণ্ড গোলাগুলির মুখে পুলিশ বাধ্য হয়ে ওভিদিও গুজমান লোপেজকে ছেড়ে দিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাদক সম্রাট হোয়াকিম গুজমান গ্রেফতার হওয়ায় তার ছেলে মেক্সিকোর শীর্ষ মাদক চোরাচালান চক্র ‘সিনালোয়’র নেতৃত্বে চলে আসেন। ওভিদিও গুজমান লোপেজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদকের একাধিক মামলা রয়েছে। সেখানে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

ওভিদিও’র গ্রেফতার সম্পর্কে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আলফনসো দুরাজো বলেন, বৃহস্পতিবার নিয়মিত তল্লাশির অংশ হিসেবে পুলিশের একট টহল দল একটি বাড়ি থেকে ওভিদিও গুজমানসহ চারজনকে গ্রেফতার করে।

এ খবর ছড়িয়ে পড়লে মাদক চোরাচালান চক্র সিনালোয়ার সদস্যরা পুলিশের টহল দলটিকে ঘিরে প্রচণ্ড গুলি বর্ষণ করতে থাকে। পুরো এলাকা মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় চক্রের সদস্যরা। এক পর্যায়ে আত্মরক্ষাতে ওভিদিওকে ছেড়ে দেয় পুলিশ সদস্যরা।

তিনি আরও বলেন, নগরীতে আরো সহিংসতা ছড়িয়ে পড়া রোধ করে শান্তি ফেরাতে এবং বিশেষ করে আমাদের পুলিশ সদস্যদের জীবন রক্ষা করতেই ওভিদিও গুজমানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

গুলির ঘটনায় হতাহতের সংখ্যা সম্পর্কে এখনোও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিবিসি, রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে কুলিয়াকানের বিভিন্ন সড়কে রক্তাক্ত অবস্থায় অনেককে পড়ে থাকতে দেখা গিয়েছে।

কুলিয়াকান সিনালোয়া মাদকচক্রের শক্তঘাঁটি। সিনালোয়াই যুক্তরাষ্ট্রে মাদক পাচার করা সবচেয়ে বড় মাদক চক্র বলে জানান কর্মকর্তারা। যে কারণে যুক্তরাষ্ট্র সরকারও যেকোনো মূল্যে এই চক্রটি ধ্বংস করতে চায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button