খেলা

ভারতীয় বোলারের আজব বোলিং!

এ কেমন বোলিং! প্রথমবার ভারতীয় কেদার যাদব অথবা শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গার বোলিং অ্যাকশন দেখে হয়তো এ কথাই মুখ থেকে বেরিয়েছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু এবার আরো অবাক করলেন আরেক ভারতীয় বোলার মনোজ তিওয়ারি।
চলতি আইপিএলে মনোজের বোলিং অ্যাকশন মনে করিয়ে দিচ্ছিল মালিঙ্গার কথা। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে তার এক একটি ডেলিভারি দেখতে অনেকটা গলি ক্রিকেটের মতোই মনে হচ্ছিল। দেশের বিভিন্ন প্রান্তের গলি ক্রিকেটে নানা ধরনের ব্যাটিং ও বোলিং দেখা যায়। যা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পায় না। মনোজের অ্যাকশন দেখেও তাই মনে প্রশ্ন জাগে, নিয়ম মেনেই বল করছেন তো তিনি?
না, এখনও পর্যন্ত নিয়মভঙ্গের কোনো অভিযোগ ওঠেনি। স্টাম্পের উচ্চতার নিচে পৌঁছাচ্ছিল তার ডেলিভারি। যা উচ্চতায় মালিঙ্গার ডেলিভারির চেয়েও কম। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। ব্যাটসম্যান মনোজের আজব বোলিং অ্যাকশন দেখে হাসি আর থামছে না নেটিজেনদের।
গত ম্যাচে হায়দরাবাদের কাছে ১৩ রানে হেরেছিল প্রীতির পাঞ্জাব। সেই ম্যাচেই অফ-ব্রেক করতে দেখা গেলো তাকে। আম্পায়ার যেভাবে নো-বলের সিগন্যাল দেন, অনেকটা সেভাবেই এক একটি ডেলিভারি করলেন মনোজ।
আইসিসি’র নিয়ম অনুযায়ী ১৫ ডিগ্রি পর্যন্ত কনুই বাঁকানো যেতে পারে। এই ডেলিভারি নিয়ম মেনেই হয়েছে বলে খবর। তবে এ নিয়েই নেটদুনিয়ায় শুরু হয়েছে মশকরা। অনেকে বলছেন, সুপারম্যানের মতোই বোলিং করলেন মনোজ। অনেকে আবার মজা করে লিখেছেন, এই ডেলিভারি দেখেই মানুষ হৃদরোগে আক্রান্ত হবেন। অনেকের প্রশ্ন, আইসিসি নজর রাখছে তো? আরেকজনের মজার পরামর্শ, “নো-বল দেয়া আম্পায়ারের কাজ। ওটা আপনার করার প্রয়োজন নেই।”
কেরিয়ারের শুরুর দিকে লেগ-স্পিনার হিসেবে অনেকবার দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মনোজ। এবারের আইপিএলে ব্যাট হাতে সেভাবে নজর না কাড়লেও এক ওভার হাত ঘুরিয়েই শিরোনামে উঠে এসেছেন তিনি। ফের তাকে এই ভূমিকায় দেখা যাবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button