sliderউৎসবশিরোনাম

বিয়ে-তালাকের ফি বেড়েছে

মোঃ মাহবুব আলম চৌধুরী জীবনঃ বিয়ে নিবন্ধন (রেজিস্ট্রি) ও তালাকের খরচ বাড়িয়েছে সরকার। নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স ফি এবং বার্ষিক ফির পরিমাণও বাড়ানো হয়েছে।

‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন (বিধিমালা), ২০০৯’ সংশোধন করে বিভিন্ন ফি বাড়িয়ে সম্প্রতি গেজেট প্রকাশ করেছে আইন ও বিচার বিভাগ।

এখন থেকে নিকাহ রেজিস্ট্রার পাঁচ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে এক হাজার টাকা বা এর অংশবিশেষের জন্য ১৪ টাকা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারবেন। দেনমোহরের পরিমাণ পাঁচ লাখ টাকার বেশি হলে এর পরের প্রতি এক লাখ টাকার জন্য ১০০ টাকা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করা যাবে। তবে দেনমোহরের পরিমাণ যাই হোক না কেন, এই ফি ২০০ টাকার কম হবে না।

আগে চার লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে ১ হাজার টাকা বা এর অংশবিশেষের জন্য সাড়ে ১২ টাকা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারতেন কাজী।

এতদিন নিকাহ রেজিস্ট্রার তালাক নিবন্ধনের জন্য ৫০০ টাকা ফি নিতে পারতেন। এই ফি বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।

সিটি করপোরেশন এলাকায় নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স ফি ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। কাজীর লাইসেন্স ফি জেলা সদরে অবস্থিত পৌরসভা এলাকায় ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা, জেলা সদরের বাইরের পৌরসভা এলাকায় ৭০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা এবং ইউনিয়ন পরিষদ এলাকায় ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।

এখন লাইসেন্সপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রারকে প্রতিবছরের ৩১ মার্চের মধ্যে সিটি করপোরেশন এলাকার ক্ষেত্রে ১০ হাজার টাকা, জেলা সদরে অবস্থিত পৌরসভা এলাকার ক্ষেত্রে ২ হাজার টাকা, জেলা সদরের বাইরের পৌরসভা এলাকার ক্ষেত্রে ১ হাজার টাকা এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে ২০০ টাকা সরকারকে বার্ষিক ফি দিতে হবে। আগে এই ফির পরিমাণ ছিল যথাক্রমে ৫ হাজার টাকা, ১ হাজার টাকা, ৫০০ টাকা ও ১০০ টাকা।

এর বাইরে নিকাহ রেজিস্ট্রার বিয়ে রেজিস্ট্রেশন করে যত টাকা আয় করবেন, সেখান থেকে পরবর্তী অর্থবছরের ১৫ জুলাইয়ের মধ্যে বিবাহ নিবন্ধন ফি সরকারকে জমা দিতে হবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন এলাকায় প্রত্যেক ওয়ার্ডের বিপরীতে ১৬ হাজার টাকা দিতে হবে।

আগে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটি করপোরেশনে প্রত্যেক ওয়ার্ডের বিপরীতে ২০ হাজার টাকা এবং অন্যান্য সিটি করপোরেশনে প্রত্যেক ওয়ার্ডের বিপরীতে এই ফি ৮ হাজার টাকা নির্ধারিত ছিল।

এ ছাড়া পৌরসভা এলাকার নিকাহ রেজিস্ট্রারকে বিয়ে রেজিস্ট্রেশনের আয় থেকে ৪ হাজার টাকা এবং ইউনিয়ন পরিষদ এলাকার নিকাহ রেজিস্ট্রারকে ২ হাজার টাকা করে ফি দিতে হবে। আগে পৌরসভার জন্য এই ফি ২ হাজার টাকা এবং ইউনিয়ন পরিষদ এলাকার জন্য ২ হাজার টাকা নির্ধারিত ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button