বিচ্ছেদের পর অপূর্বকে নিয়ে যা বললেন অদিতি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নয় বছরের সংসার ভেঙে গেছে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ে বিচ্ছেদের কথা জানান অপূর্বর স্ত্রী নাজিয়া হাসান অদিতি। স্বামী স্ত্রীর বনিবনা না হওয়ার কারণেই বিচ্ছেদ হয়েছে বলে জানা যায়।
কেন, কি কারণে বিয়ে বিচ্ছেদ হয়েছে সে বিষয়ে কিছু বলতে চান না অদিতি। বিষয়টি ব্যক্তিগতই রাখতে চান। অদিতি বলেন, ‘আমি চাই না বিষয়টি নিয়ে ঘাঁটাঘাঁটি হোক। আমরা আর একসঙ্গে থাকছি না। এটাই বড় কথা।’
এদিকে বিচ্ছেদের খবর প্রকাশের পরপরই অপূর্বর ব্যক্তিজীবন নিয়ে ঘাঁটাঘাঁটি না করার আহ্বান জানান অদিতি।
তিনি বলেন, ‘মোহাম্মদ জিয়াউল ফারুক অপূর্ব একজন আশ্চর্য বাবা, প্রেমময় ভাই, দায়িত্বশীল পুত্র এবং একজন ভালো মানুষ ছিলেন। মিলিয়ন ভক্তের প্রিয় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তিনি তার যোগ্যতার প্রমাণ রেখেছেন। তার ব্যক্তিগত জীবন দিয়ে নয়, দয়া করে তার অসাধারণ কাজগুলি দ্বারা তাকে বিচার করুন।’
বিচ্ছেদ নিয়ে তিনি বলেন, ‘দুর্ভাগ্যক্রমে আমরা অসংখ্য কারণে একসাথে থাকছি না, তবে আমি তার সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করছি। তিনি আমাকে আমার সবচেয়ে বড় উপহার হিসেবে আমার ছেলে ‘আয়াশকে’ উপহার দিয়েছেন।’
তিনি সবার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সব সময় আমাদের ভালোবেসেছেন এবং সমর্থন দিয়েছেন। আশা করি ভবিষ্যতেও এই ভালোবাসা অব্যাহত রাখবেন।’
এদিকে কোনো ধরনের চটকদার সংবাদ পরিবেশন না করার জন্যও সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন অদিতি।
উল্লেখ্য, ২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। তাদের সংসারে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। অপূর্ব এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন। পরের বছর ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। সুত্র : দেশ রূপান্তর।




