
বিএনপি নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে চায় মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নির্বাচন মানে ভোট চুরি, জাল ভোট এবং কেন্দ্র দখল।
বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সিটি করপোরেশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে। তারা দাগী ও চিহ্নিত সন্ত্রাসীদের ভাড়া করে ঢাকায় এনেছে।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে জনসমর্থন না পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। প্রতিটি ভোট কেন্দ্রে তারা পাঁচশ’ সন্ত্রাসী নিয়োগ করবে বলে জানতে পেরেছি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আমরা ক্লিন ইমেজের দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছি। আশা করছি আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন।
তিনি বলেন, নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। নির্বাচন বানচালের চক্রান্ত করছে। বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না। তাদের নির্বাচন মানে ভোট চুরি, জাল ভোট এবং কেন্দ্র দখল।
নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, আমরা আশা করছি, নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।




