কাউছার মিয়া,দৌলতপুর প্রতিনিধি: দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের চন্দ্রখোলায় ঐতিহ্যবাহী যাত্রাপালার ৪র্থ দিনের অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে চন্দ্রখোলা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে যাত্রাপালার শুভ উদ্বোধন করেন ৬ নং চকমিরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শরিফ হোসেন, ছাত্রনেতা আলীনুর রহমান সমরাট, জেলা ছাত্রদলের সদস্য মো. মেহেদী হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত দর্শক। যাত্রাপালা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সের মানুষ।
উদ্বোধনী বক্তব্যে মো. বাবুল হোসেন বলেন, “যাত্রাপালা গ্রাম-বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রাণ। আমাদের শিকড়ের সাথে মিশে আছে এই সংস্কৃতি। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে তুলে ধরতে এমন আয়োজন অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন,আপনারা পাশে থাকলে চকমিরপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। রাস্তা-ঘাট, কালভার্ট, স্কুল-কলেজসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করবো। আমি সব সময় সবার সাথে এবং সবার পাশে থাকবো, এটাই আমার অঙ্গীকার।
তার বক্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্বোধন শেষে শুরু হয় মনোমুগ্ধকর যাত্রাপালা, যা গভীর রাত পর্যন্ত উপভোগ করেন দর্শকরা।
