Uncategorized

ফেনীর সোনাগাজীতে গরম রসের পাত্রে পড়ে শিশুর মৃত্যু

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলায় কোল থেকে খেজুরের গরম রসের পাত্রে পড়ে গা ঝলসে সাত মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার রাতে মোহন নামের ওই শিশু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শিশু মোহনের বাবা মো. মাসুদ পেশায় একজন কৃষক। দুই ছেলে ও এক কন্যা সন্তানের মধ্যে মোহন ছিল সবার ছোট।
এর আগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ চর দরবেশ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছেন শিশুটির দাদা।
মৃত শিশুর বাবা মো. মাসুদ জানান, শনিবার সকাল থেকে দক্ষিণ চর দরবেশ এলাকার বিভিন্ন গাছির কাছ থেকে পাটালি গুড় তৈরির জন্য রস সংগ্রহ করেন তার (মাসুদ) বাবা আবুল হোসেন। রস বাড়িতে আনার পর আগুন জ্বালিয়ে বড় পাত্রে রস ঢেলে গরম করে গুড় তৈরি করছিলেন তার মা (আবুল হোসেনের স্ত্রী)। তিনি জানান, এ সময় বাবা মোহনকে কোলে নিয়ে চুলার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ তার কোল থেকে শিশুটি গরম রসের পাত্রে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাবা তার নাতিকে বাঁচাতে দুই হাত গরম রসে ঢুকিয়ে তাকে দ্রুত তুলে মাটিতে রাখেন। ততক্ষণে নাতির শরীর ও দাদার দুই হাত ঝলসে গেছে। পরে বাড়ির লোকজন দ্রুত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাদেকুল করিম বলেন, গরম রসে শিশু মোহনের মাথা ও শ্বাসনালিসহ শরীরের ৩৫ শতাংশ এবং আবুল হোসেনের দুই হাতসহ শরীরের ১০ শতাংশ ঝলসে গেছে। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। শিশুটি চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা গেছে বলে তিনি জেনেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button