এশিয়ার কাছে অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক হার

গল টেস্টে শ্রীলঙ্কার কাছে ২২৬ রানের বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। ফলে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে অসিদের। তাই ভারত-পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও সিরিজ হারের লজ্জা পেলো অস্ট্রেলিয়া। এশিয়ার দলগুলোর কাছে টানা তৃতীয়বারের মত টেস্ট সিরিজ হারলো অসিরা।
এশিয়ায় সর্বশেষ ছয় সিরিজের পাঁচটিতেই হেরেছে অস্ট্রেলিয়া। সেই সাথে এশিয়ার সেরা তিন দলের কাছে রানের ব্যবধানেও বড় হারের স্বাদ নিলো অস্ট্রেলিয়া।
২০১৩ সালে ভারতের মাটিতে চার ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হেরেছিলো অস্ট্রেলিয়া। ভারতীয় ব্যাটসম্যান ও স্পিনারদের কাছে নাজেহাল হয়েই সিরিজে হোয়াইটওয়াশ হয় তারা। সেই হারের ক্ষত আরও বাড়িয়ে দেয় পাকিস্তান। ভারতের পর এশিয়ার মাটিতে পরের সিরিজে হারে অসিরা।
২০১৪ সালে আরব আমিরাতে অস্ট্রেলিয়াকে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হারায় পাকিস্তান। ফলে এশিয়াতে অস্ট্রেলিয়া যে বিড়াল, তা আরও একবার প্রমাণ করে তারা।
তবে শ্রীলংকার মাটিতে খেলতে নামার আগে এসব স্মৃতি মোটেও গুরুত্বপূর্ণ ছিলো না। কারন লংকানদের সাথে ৩৩ বছরের টেস্ট ইতিহাসে মাত্র একবারই ম্যাচ ও সিরিজ হারে অসিরা। তাও ১৯৯৯ সালে। তাই চলমান সিরিজে শক্তির বিচারে লংকানদের সাথে সমান-সমানই ছিলো অস্ট্রেলিয়া। কিন্তু এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়কে সিরিজ হারের লজ্জা ইতোমধ্যেই দিয়ে দিয়েছে শ্রীলংকা। তাই ভারত-পাকিস্তানের পর শ্রীলংকার কাছেও সিরিজ হারের তেতো স্বাদ নিলো অসিরা।
শুধুমাত্র সিরিজ হারই নয়, এশিয়ার সেরা তিন দলের কাছেও রানের ব্যবধানে বড় হারের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। ২০১৪ সালের সিরিজে আবুধাবিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের কাছে ৩৫৬ রানের বড় হারের স্বাদ নেয় অসিরা। এটি রানের ক্ষেত্রে এশিয়ার যেকোন দলের কাছে বড় ব্যবধানে হার অসিদের। দ্বিতীয় বড় হারের স্বাদ অস্ট্রেলিয়া নিয়েছে ভারতের কাছে। ২০০৮ সালের সিরিজে মোহালিতে দ্বিতীয় টেস্টে ভারতের কাছে ৩২০ রানের বড়সড় হারের ঢেকুর তুলে অসিরা। আর এবার শ্রীলংকার কাছে ২২৬ রানের ব্যবধানে হেরে তৃতীয় বড় হারের স্বাদ নিলো অসিরা।




