
শনিবার, পয়লা জুলাই। প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ এই সময়ে বহু জ্ঞানী-গুণী আর লাখো গ্র্যাজুয়েট তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি। ১৯৫২ সালে বাঙালির ভাষা আন্দোলন এবং সর্বশেষ একাত্তর সালে মহান স্বাধীনতাযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরভাস্বর। দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অবদান রেখেছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজো অপ্রতিদ্বন্দ্বী ঢাকা বিশ্ববিদ্যালয়। এ দিকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন যে খোলামেলা আর সবুজে ঘেরা ক্যাম্পাস ছিল তা যেন ক্রমান্বয়ে লোপ পাচ্ছে। নামকাওয়াস্তে সবুজায়নের পরিবর্তে গড়ে উঠছে ইট, কাঠ-পাথরের সমন্বয়ে গড়া আকাশচুম্বী অট্টালিকাগুলো। কলা ভবনের সামনে এবং এর আশপাশ ও গণপাঠাগারের সামনে তৈরি হচ্ছে সৌন্দর্যবর্ধনের নামে ইট আর পাথরের স্থাপনা। শিক্ষার্থীদের আড্ডার জায়গা আর উন্মুক্ত স্থান যেন ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে।
এদিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘উদ্ভাবন ও উন্নয়নে উচ্চশিক্ষা’। দিবসটি উপলে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সকাল সোয়া ১০টায় প্রশাসনিক ভবনসংলগ্ন মলে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো, কেক কাটা এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কর্মসূচির উদ্বোধন করবেন। ভিসির সভাপতিত্বে অনুষ্ঠেয় উদ্বোধন অনুষ্ঠানে অতিথি থাকবেন প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন।
অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার আয়োজিত দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শন। এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন হল থেকে শোভাযাত্রাসহ প্রশাসনিক ভবনসংলগ্ন মলে জমায়েত হবেন। সেখান থেকে শোভাযাত্রাসহকারে টিএসসিতে গমন করা হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী নিজস্ব কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলে হল, বিভাগ ও অন্যান্য অফিস দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভিসি অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছেন এ বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে স্মরণ করেন সেইসব শহীদদের, যারা ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গৌরবোজ্জ্বল ভূমিকা ও ত্যাগ স্বীকার করেছেন।

তিনি বলেন, ১ জুলাই এ দেশের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে। বুদ্ধিবৃত্তিক ও উচ্চশিক্ষিত মানবসম্পদ উন্নয়ন শুধু নয়, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষায় বাংলাদেশের জাতিগঠনমূলক আন্দোলন-সংগ্রামে পৃষ্ঠপোষকতা ও নেতৃত্বের অংশীদার ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষা, গবেষণা, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে উচ্চশিক্ষা ও গবেষণা কর্মকাণ্ডের প্রাচীনতম প্রতিষ্ঠান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয়ভাবে রয়েছে প্রশংসনীয় অবদান।
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২১ সালে শতবর্ষে পদার্পণ করবে। একইসাথে বাংলাদেশ সরকার রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এই লক্ষ্যে একান্তভাবে শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যেই আজকে আমাদের প্রতিপাদ্য ‘উদ্ভাবন ও উন্নয়নে উচ্চশিক্ষা’। এই দিনে আমাদের অঙ্গীকার হোক মুক্তিযুদ্ধের আদর্শে সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য সবার আন্তরিক প্রচেষ্টা।
এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় : অনুষদ ১৩টি, বিভাগ ৮৩টি, ইনস্টিটিউট ১২টি, গবেষণা ব্যুরো ও কেন্দ্র ৫৬টি, আবাসিক হল ২০টি, হোস্টেল ৩টি, ছাত্র-ছাত্রী ৩৭,০১৮, ছাত্র ২০,৭৭৩ জন, ছাত্রী ১২, ০২৮ জন, পরীক্ষার্থী ৪,২২১ জন, পিএইচডি গবেষক ১২০১ জন, এমফিল গবেষক ১৯৫৬ জন, শিক্ষক-শিক্ষিকা ১৯৯২ জন, শিক্ষক (পুরুষ) ১৩২৭ এবং শিক্ষিকা ৬৩৮ জন, কর্মকর্তা ১০৩০, তৃতীয় শ্রেণীর কর্মচারী ১,১৩৭, ৪র্থ শ্রেণীর কর্মচারী ২,২৫০, পিএইচডি প্রাপ্ত ১,৪২৯, এমফিল প্রাপ্ত ১,৩৭৭, ট্রাস্ট ফান্ড ৩২৭, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউট ১১৬টি, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থী ২১৫৪৯০, ছাত্র ১০১২৯০ এবং ছাত্রী ১১৪২০০, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকা ৯১৬৯ জন, শিক্ষক ৪৬১০, শিক্ষিকা ৪৫৮৬, মোট জমির পরিমাণ ২৭৫.০৮৩ একর। সুত্র: নয়া দিগন্ত




