খেলা

নতুন চ্যালেঞ্জ নিয়ে রোববার ঢাকা ছাড়ছেন সাকিব

নতুন চ্যালেঞ্জ নিয়ে রোববার ঢাকা ছাড়ছেন সাকিব আল হাসান। তার এবারের যাত্রা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। লক্ষ্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলা। সর্বশেষ আইপিএলে সাকিব ছিলেন নিজের ছায়া হয়েছে। সিপিএলে সাকিব কি পারবেন টি-টোয়েন্টিতে নিজের পুরোনো রূপে ফিরতে?
সিপিএলের গত আসরেও খেলার কথা ছিলো তার। খেলার উদ্দেশ্যে দেশও ছেড়েছিলেন তিনি। কিন্তু মাঝপথে তাকে ফিরতে হয় দেশে। লিখিত অনাপত্তিপত্র নেননি বলে বোর্ড থেকে তিরষ্কারের মুখেও পড়েন তিনি।
এবার অবশ্য সে ভুল করেননি বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার। ঢাকা লিগ চলার সময়ই বিসিবির কাছে অনাপত্তিপত্রের চাহিদা জানিয়ে রেখেছিলেন সাকিব। সেটা তাকে দিয়েও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সব ঠিক থাকলে রোববার রাতে ক্যারিবিয়ানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাকিব। এবার সাকিব খেলবেন জ্যামাইকা তালাওয়াহসের হয়ে। এই দলে তার সতীর্থ হবেন ক্রিস গেইল ও কুমার সাঙ্গাকারার মতো ক্রিকেটাররা।
এবার নিয়ে দ্বিতীয়বার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন সাকিব। এর আগে ২০১৩ সালে সিপিএলে খেলেছেন তিনি। সেবার তার দল ছিলো বার্বাডোজ ট্রাইডেন্টস। সেবার আট ম্যাচে ১১ উইকেট নেন তিনি। আট ম্যাচের দুটিতে আবার হন ম্যাচসেরা।
সিপিএল খেলতে যাবার আগে সাকিব খেলে গেলেন ঢাকা প্রিমিয়ার লিগ। লিগে আবাহনীর হয়ে আট ম্যাচে করেছেন ২১০ রান। হাফ সেঞ্চুরি দুটি। এর মধ্যে একটি আবার লিগের দ্রুততম হাফ সেঞ্চুরি। বল হাতে সাকিব তুলে নিয়েছেন আট ম্যাচে ১৮ উইকেট। পাঁচ উইকেট নিয়েছেন একবার।
কলকাতার হয়ে এবারের আইপিএলটা ভালো না গেলেও আবাহনীর হয়ে ঢাকা লিগে ঠিকই ফর্মে ফিরেছেন সাকিব। সিপিএলে এই ফর্মটা ধরে রাখতে পারলে সামনের চ্যালেঞ্জটা সাকিব জিতবেন বলে ভবিষ্যতবাণী করাই যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button