রেকর্ড গড়ে বার্বাডোজকে জেতালেন ডুমিনি

ডুমিনির ব্যাটিং ঝড় অনেক আগে নিয়মিত থাকলেও ইদানিং দেখা যায়না। বয়সটা ৩৫ পূরণ করেছেন এ প্রোটিয়া তারকা। তবে এখনো ফুরিয়ে যাননি তিনি, তা বুঝিয়ে দিলেন ক্রিকেট বিশ্বকে। সিপিএলে নিজেদের সপ্তম ম্যাচে শাহরুখ খানের দলকে ৬৩ রানে হারিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস।
সাকিব দলের সঙ্গে যোগ না দিলেও তার দলকে দারুণ জয় উপহার দেন পল ডুমিনি। নাইট রাইডার্স বোলিংকে তিনি রীতিমতো ছন্নছাড়া করে দেন। মাত্র ১৫ বলে দুই চার ও ছয় ছক্কায় হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। যা সিপিএলের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। এতে ডুমিনি টপকে যান চলতি আসরেই এভিন লুইসের করা ১৭ বলে ফিফটির রেকর্ড। দুই চার ও ছয় ছক্কার সাহায্যে হাফসেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি হার্ডহিটার। পরে ২০ বলে ৬৫ রানের ইনিংস খেলে আউট হন তিনি।
এর আগে ঘরের মাঠে দুই ওপেনারের ব্যাটে আধিপত্য মেলে ধরে বার্বাডোজ। জনসন চার্লস ও জোনাথন কার্টার ওপেনিং জুটিতে ১১০ রান তোলেন। ৪৬ বলে ৫১ করেন কার্টার আর ৩৯ বলে ৫৮ রান আউট হন র্চালস। ১১৩ রানের মধ্যে দুইজনেই আউট হলে ব্যাটিংয়ে ঝড় তোলার দায়িত্ব নেন ডুমিনি। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯২ রান তোলে বার্বাডোজ।
জবাবে মাত্র ১২৯ রানে অলআউট ট্রিনবাগো নাইট রাইডার্স। নাইট রাইডারদের একাই ধ্বসিয়ে দেন হেইডেন ওয়ালশ। চার ওভারে ১৯ রানে পাঁচ উইকেট নেন এ লেগ স্পিনার। ম্যাচ হারলেও সাত ম্যাচে নয় পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে শাহরুখ খানের দল। অপরদিকে, সমান ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সাকিবের বার্বাডোজ।




