খেলা
ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ঘোষণা করেছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহীম। নিজেদের প্রথম ইনিংস ৭ উইকেটে ৩০৬ রান করে ঘোষণা করে বাংলাদেশ। বেনোনিতে প্রথম দিনের খেলা ১৩ ওভার বাকি থাকতে প্রতিপক্ষ দলকে ব্যাট করার সুযোগ দেন মুশফিক।
ইনিংস ঘোষণার সময় সাব্বির রহমান ৫৮ ও তাসকিন আহমেদ ৮ রানে অপরাজিত ছিলেন। এর আগে সাব্বির মেহেদী হাসান মিরাজকে সাথে নিয়ে অর্ধশত রানের একটি চমৎকার পার্টনারশিপও গড়ে তোলেন। অন্যদের মধ্যে ইমরুল কায়েস ৩৪ এবং সৌম্য সরকার ৪৩ রান করে বিদায় নেন। মুমিনুল ৬৮ এবং মুশফিক ৬৩ রান করেন। এছাড়া মাহমুদুল্লাহ ০, লিটন দাস ০, মেহেদী হাসান মিরাজ ১৮ রান করেন।
বেনোনিতে সিএসএ একাদশের বিরুদ্ধে তিন দিনের ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ।




