ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ দ্বীন ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতের পর ঠাকুরগাঁও সদর থানাধীন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ঠাকুরগাঁও রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ দ্বীন ইসলাম নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার নাজিরপুর ইউনিয়নের নলচাপড়া গ্রামের মোহাম্মদ লাল মিয়ার ছেলে। তার মা মৃত রোমেলা বেগম। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ফকিরপাড়া কমিউনিটি সেন্টারের পেছনে বসবাস করেন বলে জানা গেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও শহরগামী পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে সড়কে চলাচলের সময় থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেহ তল্লাশি চালালে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করে ঘটনাস্থল থেকেই মোহাম্মদ দ্বীন ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তিনি কোথা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছিলেন এবং তার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ডিবি সূত্রে জানা গেছে।
গ্রেপ্তারের পর জানা যায়, মোহাম্মদ দ্বীন ইসলাম ঠাকুরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক পরিচয় ও মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।