
কাউছার আহমেদ, দৌলতপুর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিয়ান নুরেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপসমূহ ঘুরে দেখেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন।
তিনি জানান, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। দৌলতপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার তরফদার জানান, এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৪৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে এ বছর পূজা মন্ডবের নিরাপত্তার জন্য ৩০০জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে তার মধ্যে ৯০ জন মহিলা ও ২১০ জন পুরুষ আনসার সদস্য।
তিনি উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজার পরিবেশ সুন্দর রাখতে সক্রিয় ভূমিকা রাখার জন্য। উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন এর সাথে স্থানীয় প্রতিনিধি, পুলিশ প্রশাসন ও গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।




