দল ও জোট থেকে পদত্যাগ নাজিবের

নির্বাচনে পরাজয়ের পর দলীয় নেতা-কর্মীদের চাপের মুখে নিজ দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন ( উমনো) ও বারিসান জোটের পদ থেকে আনুষ্ঠানিক পদত্যাগ করলেন মালয়েশিয়ার সদ্যসাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। শনিবার রাজধানী কুয়ালালামপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার সংবাদ সম্মেলনে নাজিব বলেন, এখন থেকে ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন (উমনো)-এর প্রধানের দায়িত্ব পালন করবেন সাবেক উপ-প্রধানমন্ত্রী ড.আহমাদ জাহিদ হামিদী। আর হিসামু্দ্দিন হোসেন থাকবেন ডেপুটি প্রধান হিসেবে। এছাড়া তিনি বারিসান জোটের পদ থেকেও পদত্যাগ করেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে নাজিব বলেন, নির্বাচনে যা ঘটছে তার জন্য আমরা দুঃখিত তবে জনগণ যে রায় দিয়েছে তা আমরা মেনে নিয়েছি। আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে অক্ষুণ্ন রাখব।
নির্বাচনে মাহাথির মোহাম্মদের জোটের কাছে পরাজিত হয়ে দলের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনা মুখে পড়েন নাজিব রাজাক । তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, সরকারি তহবিল লুটপাটের অভিযোগ করে আসছিল বিরোধী জোট।রয়টার্স



