খেলা

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই ম্যাচ স্থগিত করলো ফিফা

করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই ম্যাচগুলো স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।
এ ব্যাপারে ফিফার কাছে বুধবার চিঠি লিখেছিল দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবলও। পরের দিনই এক বিবৃতিতে ম্যাচগুলো স্থগিতের সিদ্ধান্তের কথা জানালো ফিফা।
“আন্তর্জাতিক উইন্ডোতে ২৩-৩১ মার্চ যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল সেগুলো স্থগিত করা হয়েছে। ম্যাচগুলো পরে অনুষ্ঠিত হবে।”
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ার পরিস্থিতির ওপর ফিফা নজর রাখছে বলেও জানানো হয়েছে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবে এরই মধ্যে এলোমেলো বিশ্ব ক্রীড়া সূচি। স্থগিত করে দেওয়া হয়েছে খেলাধুলার অনেক ইভেন্ট। মরণঘাতী এই ভাইরাসের ছড়িয়ে পড়াকে মহামারির পর্যায়ের বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও।
এই ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে অনেক দেশ লোকজনের ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। কিন্তু চলতি মাসের শেষ দিকে ও আগামী মাসের শুরুর দিকে রয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলোর কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাই পর্বের ম্যাচের সূচি ছিল।
নিজেদের মাঠে ইকুয়েডরের বিপক্ষে খেলার পর ৩১ মার্চ লা পাসে বলিভিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনার। ম্যাচ দুটি উপলক্ষে মঙ্গলবার ২৬ সদস্যের দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি।
২৮ মার্চ বলিভিয়ার বিপক্ষে ছিল ব্রাজিলের ম্যাচ; এরপর ১ এপ্রিল পেরুর মাঠে খেলতে যাওয়ার কথা ছিল তিতে দল। একই সময়ে রয়েছে কনমেবল অঞ্চলের অন্যান্য দেশের ম্যাচও।
ইউরোপীয় ক্লাবগুলোর হয়ে খেলার কারণে দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনেক দেশের খেলোয়াড় রয়েছেন ইউরোপে। যেমন, আর্জেন্টিনার ঘোষিত ২৬ সদস্যের দলের ছয়জনই করোনার কারণে পর্যুদস্ত ইতালির বিভিন্ন ক্লাবের হয়ে খেলছেন। তাই এসব খেলোয়াড়দের পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
এমন অবস্থায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো পিছিয়ে দিতে আবেদন করে কনমেবল। দ্রুতই তাদের আবেদনে সাড়া দিয়ে ম্যাচগুলো স্থগিতের ঘোষণা দিল ফিফা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button