বিবিধশিরোনাম

টানা ৪৩ ঘণ্টা সাঁতার কেটে ক্ষিতীন্দ্রের রেকর্ড

টানা ৪৩ ঘণ্টা সাঁতার কেটে ১৪৬ কিলোমিটার নদী পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়লেন মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য।
৬৬ বছর বয়সী এই সাঁতারু গত শুক্রবার বিকেল ৬টা ৫০ মিনিটে ময়মনসিংহের ফুলপুর ঠাকুর বাঘাই ঘাট সরচাপুর ব্রিজ থেকে আনুষ্ঠানিকভাবে এ সাঁতার শুরু করেন। বিরামহীন দূরপাল্লার একক সাতার প্রদর্শন করে তিনি দুই দিন দুই রাত পর রবিবার দুপুর ১ টা ৫০ মিনিটে মদন উপজেলার মগড়া ব্রিজে এসে পৌঁছান। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে উৎসুক জনতা তাকে বরণ করে নেয়।
এসময় নদীর দুই পাড় ও ব্রিজে অবস্থানরত হাজার হাজার জনতা করতালির মাধ্যমে রেকর্ডধারী সাঁতারুকে অভ্যর্থনা জানায়। পরে পানি থেকে তুলে ক্ষিতীন্দ্রকে অ্যাম্বুলেন্স যোগে বেসরকারি হাসপাতাল সুমাইয়া হেলথ কেয়ার সেন্টারে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শ্বাস প্রশ্বাসে কিছুটা সমস্যা হলে অক্সিজেন দিয়ে রাখা হয়।
ক্ষিতীন্দ্র এ যাবৎকালে দেশে এবং বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সম্মাননা অর্জন করেছেন। তিনি নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের ক্ষিতিশ চন্দ্র বৈশ্যের ছেলে। তিনি বেসামরিক বিমানের এরোড্রাম কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন।
এদিকে ক্ষিতীন্দ্রের এমন কৃতিত্বে মদন উপজেলা প্রশাসন, নাগরিক কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের আয়োজনে নদীর পাড়ে হাজারো লোকের সমাগম ঘটে। পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও নাগরিক কমিটি আলাদা আলাদা সম্মাননা স্মারক প্রদান করেন। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসান মদনবাসীর পক্ষ থেকে এই কৃতিত্বকে বিশ্ব রেকর্ডে স্থান দেয়ার দাবী জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button