
মো:শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: ঝালকাঠিতে পেশাগত ঝুঁকি ও আর্থিক সংকটে থাকা সাংবাদিকদের সহায়তায় আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। মংগলবার (১৩ জানুয়ারি) ঝালকাঠি জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে বরিশাল বিভাগের চার জেলার মোট ৩০ জন সাংবাদিকের হাতে চেক তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আবদুল্লাহ। সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মমিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ.বিএম. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার এবং ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।
বক্তারা বলেন, সমাজের সত্য ও ন্যায়ের প্রতিচ্ছবি হিসেবে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পেশাগত ঝুঁকি ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে তাদের কাজ করতে হয়। এমন প্রেক্ষাপটে সাংবাদিকদের কল্যাণে সরকারের এই উদ্যোগ প্রশংসনীয় ও সময়োপযোগী।
তারা আরও বলেন, এই ধরনের সহায়তা সাংবাদিকদের মনোবল বাড়াবে এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।




