জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন সালমান বাট

আবার জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্পট ফিক্সিংয়ের অপরাধে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার প্রতিযোগিতামূল ক্রিকেটে ফেরা সালমান বাট। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সম্প্রতি দারুণ পারফর্ম করেছেন তিনি। বাট বলছেন, জাতীয় দলে ফেরা পর্যন্ত এভাবেই পারফর্ম করে যাবেন তিনি।
২০১০ সালে বাট যখন নিষিদ্ধ হন, তখন তার বয়স ছিলো ২৬ বছর। এখন ৩১ বছরে দাঁড়িয়ে থাকা সালমান আশা করছেন, আবার তিনি জাতীয় দলে ডাক পাবেন।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পরই গত বছর পাকিস্তানের জাতীয় ওয়ানডে কাপে ১০৭ গড়ে ৫৩৬ রান করেন তিনি। এরপর পরই অনুষ্ঠিত হওয়া ওয়ানডে টুর্নামেন্টে অবশ্য তেমন সুবিধা করতে পারেননি বাট। কিন্তু পরে আবার টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ খেলেন তিনি। তার ব্যাট থেকে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৩৫০ রান আসে।
নিজের ফেরা এবং বর্তমান ফর্ম নিয়ে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর যে কয়টা টুর্নামেন্ট খেলেছি, সবকটিতে আমার পারফর্ম বেশ ভালো। এই ব্যাপারটি আমাকে আশাবাদী করে তুলেছে। আমি জাতীয় দলে ফেরা পর্যন্ত এই ফর্ম ধরে রাখতে চাই। এটাই আমার প্রধান লক্ষ্য।’
বাট মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই এখনো তার অনেক কিছু দেয়ার আছে। বাট বলেন, ‘ওয়ানডে এবং টেস্ট; দুই ফরম্যাটেই আমি ভালো কিছু করতে পারবো। টি-টোয়েন্টিতেও আমি টিকে যাবো বলে বিশ্বাস করি। ছয় বছর প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি টুর্নামেন্টে নেমেই আমি ১৪০ স্ট্রাইক রেটে রান করেছি।’
নিষেধাজ্ঞার সময়ে বাট নিয়মিত পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত খেলায় দুর্নীতি বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। সামাজিক বিভিন্ন উদ্যোগেও দেখা গেছে তাকে। একই সঙ্গে জনসম্মুখে নিজের অতীতের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।



