চূড়ান্ত অধপতনের মুখে বাংলাদেশের ফুটবল

চূড়ান্ত অধপতনের মুখেই পড়লো বাংলাদেশের ফুটবল। ভুটানের থিম্পুতে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফে ভুটানের কাছে ৩-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। এই হারের ফলে ডুবতে বসলো বাংলাদেশের ফুটবল। কারণ হলো, এই হারের ফলে আগামী তিন বছর ফিফা ও এএফসি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ম্যাচে খেলার অধিকার হারালো বাংলাদেশ।
ফুটবলের রুগ্নদশা চলছে বেশ আগে থেকেই। এশিয়ান কাপের মূল বাছাই পর্বে উঠতে পারলে বাংলাদেশ হয়তো নিজেদের প্রমাণের জন্য একটা সুযোগ পেতো। কিন্তু সেই সুযোগটাও হারালো বাংলাদেশ।
এশিয়ান কাপের মূল বাছাই পর্ব খেলতে হলে ভুটানের বিপক্ষে অন্তত ড্র করলেও চলতো। কিন্তু সেটাও পারেননি ফুটবলাররা। আজকের আগে আর কখনোই ভুটানের মতো দেশের কাছে হারেনি বাংলাদেশ।
এক সময় ভুটানকে হেসে খেলে হারানো গেলেও এখন ভুটানের কাছেই এভাবে হারতে হলো বাংলাদেশকে। বাংলাদেশের ইতিহাসে ফুটবলে এই রকম দুর্দিন আর আসেনি।




