মিরপুর থানায় চাঁদাবাজীর অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরীকে স্থায়ী জামিন দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকার প্রথম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পনপূর্বক জামিনে আবেদন করলে আদালত তাকে স্থায়ী জামিন দেন।
গত বছরের ৪ সেপ্টেম্বর মিরপুর থানায় দিনের বেলায় এক চাঞ্চল্যকর মিথ্যা চাদাঁবাজীর মামলা দায়ের ও ঠিকানাবিহীন ঐ মামলায় গভীর রাতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরীকে নারায়ণগঞ্জের সানারপাড়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। সেই সময় ঐ মামলার কথিতবাদী দুলাল একাধিক গণমাধ্যমের প্রতিনিধির কাছে প্রদত্ত স্বাক্ষাৎকারে স্বীকার করেছেন তিনি এই মামলা করেননি। তিনি কোনো দিন মিরপুর থানায় যাননি। প্রজাপতি পরিবহনের লাইনম্যান দুলালকে নেতা বানানোর জন্য সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে দেলোয়ার নামে এক পরিবহন শ্রমিক নেতা। পরে সেই কাগজকে পরিবহন মাফিয়াদের নির্দেশে মামলার এজাহার বানানো হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশজুড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদের ঝড় উঠে। পরবর্তীতে গত বছরের ১৩ সেপ্টেম্বর জামিন নিয়ে ঢাকা জেলা কারাগার থেকে মুক্তি পান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী। জামিনের পর কাফরুল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে আরেক মামলায় ফাসাঁনোর চেষ্টা করা হলে আদালত মামলাটি খারিজ করে দেন।
মিরপুর থানার এসআই সরোয়ার জাহান গত ৩১ মে চাঁদাবাজীর মামলায় আদালতে চার্জশিট প্রদান করেন। বৃহস্পতিবার আদালতে বিষয়টির চার্জ শুনানির দিন ধার্য ছিল। একই দিনে মোজাম্মেল হক চৌধুরীর আইনজীবী আসামীর স্থায়ী জামিন প্রার্থনা করলে আদালত তাকে স্থায়ী জামিন দেন।




