ঘোড়াশালের সেই ব্যক্তি করোনা আক্রান্ত নন, লকডাউন প্রত্যাহার

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার সন্দেহভাজন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি বলে জানিয়েছে আইইডিসিআর। ফলে সেখানকার পিরিন্দার টেক এলাকার একতলা ভবনের লকডাউন প্রত্যাহার করা হয়েছে।
আইইডিসিআরের নমুনা পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ না পাওয়ায় শুক্রবার দুপুরে লকডাউন প্রত্যাহার করেছে উপজেলা প্রশাসন। খুলে দেওয়া হয়েছে বাঁশের বেড়া। বাড়ির আশপাশে জনসাধারণের চলাচলে জারি করা নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী বলেন, গত বুধবার পিরিন্দার টেক এলাকার এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে একতলা ভবন লকডাউন করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় নরসিংদী ও পলাশের যৌথ মেডিকেল টিম ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায়। শুক্রবার দুপুরে আইইডিসিআর থেকে জানানো হয়, ওই ব্যক্তির করোনা রিপোর্ট নেগেটিভ। পরে ভবনের লকডাউন খুলে দেওয়া হয়েছে। তবে তারা অন্তত ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল তৌফিক ও ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম। দেশ রূপান্তর




