খাবার দিতে গিয়ে বাঘের থাবায় শেষ হয়ে গেলেন বাঘের খাঁচার কেয়ারটেকার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর বান্নেরঘাট্টা চিড়িয়াখানায়।
অঞ্জনেয় ওরফে আঞ্জি নামে ৪১ বছরের ওই ব্যক্তি মাত্র এক সপ্তাহ আগেই বাঘের খাঁচার কেয়ারটেকার হিসেবে চাকরি পেয়েছিলেন। শনিবার সন্ধ্যায় সাদা বাঘিনী সৌভাগ্যের খাঁচায় খাবার দিতে গিয়েছিলেন আঞ্জি। কিন্তু সৌভাগ্যের দুই শাবক যে খাঁচায় থাকে, সেটির দরজা যে খোলা ছিল তা খেয়াল করেননি তিনি। ভুক্তাবশেষ তুলে নিয়ে নতুন মাংস দেয়ার সময়ই প্রথমে একটি শাবক তার ঘাড়ের উপর লাফিয়ে পড়ে। তারপরই আক্রমণ করে অপর শাবকটি।
আঞ্জি আর্তনাদ করে ওঠায় শাবক দুটি ক্ষেপে গিয়ে তাকে টেনে নিয়ে যায় টাইগার সাফারি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোনোক্রমে শাবক দুটিকে খাঁচায় ঢুকিয়ে, রক্তাক্ত অঞ্জনেয়কে উদ্ধার করে হাসপাতালে পাঠায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেখানে তার মৃত্যু হয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে।
দু’বছর আগেও এই চিড়িয়াখানাতেই খাবার দিতে গিয়ে সিংহের আক্রমণে গুরুতর জখম হয়েছিলেন আরেক কিপার।




