শিক্ষাশিরোনাম

কোটা সংস্কারের দাবিতে এবার দেশজুড়ে ধর্মঘটের ডাক

নিরাপদ সড়কের দাবিতে ক্লাস বর্জন করে ছাত্রদের আন্দোলনের মধ্যে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে।
শুক্রবার বিকালে দিকে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা দেয় কোটা নিয়ে আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আগামীকাল শনিবার সকাল থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ক্লাস-পরীক্ষা হবে না এবং কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের গাড়ি চলাচল করবে না।’
নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে এই ধর্মঘট হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কর্মসূচিতে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও নাগরিকদের অংশগ্রহণের অনুরোধ করা হয়।
এর আগে পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তি বিলি করা হয়। এতে কোটা নিয়ে তাদের দাবির পাশাপাশি নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের নয় দফা দাবি মেনে নিয়ে দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানানো হয়।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত ফেব্রুয়ারি থেকে আন্দোলন করছে পরিষদ। এর মধ্যে ১১ এপ্রিল সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো কোটা থাকবে না।
কিন্তু পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গত ২৬ জন জানান, মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণে উচ্চ আদালতের রায় আছে। আর পরদিন সংসদেই প্রধানমন্ত্রী বলেন, উচ্চ আদালতের রায়ের কারণে এই কোটা বাতিল করলে তিনি আদালত অবমাননায় পড়বেন।
এর মধ্যে কোটা সংস্কার বিষয়ে সুপারিশ করতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। তাদেরকে ২৩ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও সেটা তারা পারেনি। আর কমিটি আরও তিন মাস সময় চেয়েছে।
এর মধ্যে কোটা আন্দোলনকারী নেতা রাশেদ খান ফেসবুক লাইভে এসে ‘মনে হয় তার বাপের দেশ’ জাতীয় বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে দেন। এরপর আন্দোলনকারীদের ওপর চড়াও হয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। একাধিক এলাকায় হামলা হয় তাদের ওপর।
আবার রাশেদ খাঁনসহ পরিষদের একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন কোটা সংস্কারের দাবির পাশাপাশি গ্রেপ্তার ছাত্রদের মুক্তির পাশাপাশি হামলার বিচারও চাইছে আন্দোলনকারীরা।
ঢাকাটাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button