কর্ণফুলী পাড়ের ক্রিকেটের ছবি উইজডেন-এমসিসির সংক্ষিপ্ত তালিকায়

‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের নতুন সংস্করণ প্রকাশ হয়েছে। ১৫৭তম সংস্করণে বাংলাদেশের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি। তবে এরপরও আছে বাংলাদেশের প্রতিনিধিত্ব!
চট্টগ্রামের কর্ণফুলী পাড়ে তিন কিশোরের ক্রিকেট খেলার একটি ছবি ঠাঁই পেয়েছেন সেখানে।
উইজডেন ও এমসিসি যৌথ উদ্যোগে ২০১০ সাল থেকে পুরো বিশ্বের শৌখিন ও পেশাদার আলোকচিত্রীদের জন্য একটি প্রতিযোগিতা আয়োজন করে আসছে। এ বছর যে প্রতিযোগিতায় সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পেয়েছে বাংলাদেশের রাজীব রায়হানের তোলা কর্ণফুলী পাড়ের ছবিটি। রাজীব রায়হান দেশের ইংরেজি দৈনিক ডেইলি স্টার- এর চট্টগ্রাম ব্যুরোতে কাজ করেন।
চট্টগ্রামের কর্ণফুলী পাড়ের ফিশারি ঘাট থেকে ছবিটি তুলেছিলেন তিনি। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জালের মধ্যেও জায়গা বের করে ক্রিকেট খেলছিল তিন কিশোর। সেই ছবিই ক্যামেরায় ধারণ করেন রাজীব।
এ বছর এই প্রতিযোগিতার জন্য ৬৫০ ছবি জমা পড়েছিল। সেখান থেকে সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পায় ১১টি ছবি। এই ১১টি ছবিই দ্য গার্ডিয়ানও গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি বাংলাদেশের ছবিটিই কাভার করেছে।
তবে প্রতিযোগিতায় জয়ী হয়েছেন ইংলিশ ফটোগ্রাফার গ্যারেথ কোপলির তোলা ২০১৯ অ্যাশেজে বেন স্টোকসের ছবি।
গত বছরও বাংলাদেশের একটি ছবি ঠাঁই পেয়েছিল এই প্রতিযোগিতায়। শৌখিন আলোকচিত্রী সৈয়দ মাহবুবুল কাদেরের তোলা বুড়িগঙ্গার পাড়ে কিশোরদের ক্রিকেট ম্যাচের ছবিটি পেয়েছিল রানার্সআপ পুরস্কার।




