
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে টানা ২য় দিনের মত কর্মবিরতি পালন করছেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৫০ জন স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নেন। ৫ অক্টোবর রোববার সকালে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দেয়ালে ব্যানার টাঙ্গিয়ে এই কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কটিয়াদী উপজেলা শাখার সদস্যরা।
তাদের দাবির মধ্যে রয়েছে বেতন বৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে পদায়ন, টেকনিকেল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।
স্বাস্থ্য সহকারীদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন এবং দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। তারা দ্রুত ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন। কর্ম বিরতিতে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আবু হানিফা, সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম সবুজ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সমিতির সদস্য মেজবাহ উদ্দিন, স্বাস্থ্য সহকারী সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য বাবুল মিয়া, স্বাস্থ্য সহকারী নাসিমা আক্তার। এ সময় হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সকল সদস্য ও স্বাস্থ্য সহকারীগন উপস্থিত ছিলেন।




